ফিলিং স্টেশনে জ্বালানি তেল ক্রয়ে সীমা বেঁধে দিল বিপিসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
ফিলিং স্টেশনে জ্বালানি তেল ক্রয়ে সীমা বেঁধে দিল বিপিসি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে আতঙ্ক শুরু হয়েছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সংকটের আতঙ্কে রাজধানীর সবগুলো ফিলিং স্টেশনে ভিড় দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তেল ক্রয় ও সরবরাহের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।
শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় জ্বালানি তেল সরবরাহ গ্রহণ/প্রদানের ক্ষেত্রে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
সেগুলোর মধ্যে রয়েছে- ১. ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল গ্রহণের সময় ভোক্তাকে আবশ্যিকভাবে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ প্রদান করতে হবে। ২. ফিলিং স্টেশন থেকে প্রতিবার জ্বালানি তেল গ্রহণের সময় পূর্ববর্তী ক্রয় রশিদ/বিল প্রদর্শন করতে হবে। ৩. ডিলাররা বরাদ্দ ও নির্দেশনা অনুযায়ী ক্রয় রশিদ গ্রহণ করে ভোক্তা প্রান্তে জ্বালানি তেল সরবরাহ করবে। ৪. ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেলের মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ডিপোতে প্রদান করে জ্বালানি তেল উত্তোলন করবে। ৫. তেল বিপণন কোম্পানিগুলো ডিলারদের জ্বালানি তেল সরবরাহ দেওয়ার পূর্বে বর্তমান বরাদ্দের আলোকে মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য পর্যালোচনা করবে, কোনোভাবেই বরাদ্দের বেশি দেওয়া যাবে না।
বিপিসি জানিয়েছে, গুজব ও অপপ্রচারের কারণে কোথাও কোথাও অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে, যা কৃত্রিম সংকট তৈরি করতে পারে। তাই গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিপিসি আরও জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুত করে রাখার চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলে সর্বোচ্চ ৫ লিটার, প্রাইভেটকারে ২০ থেকে ২৫ লিটার, পিকআপ বা মাইক্রোবাসে ৩০ থেকে ৪০ লিটার পর্যন্ত জ্বালানি তেল বিক্রি করা যাবে। এছাড়া ড্রাম বা কন্টেইনারে সর্বোচ্চ ২০০ থেকে ২৫০ লিটার পর্যন্ত জ্বালানি সরবরাহের সীমা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।