অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারছেন না মন্টিয়েল, আর্জেন্টিনা একাদশে আসছে পরিবর্তন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬ । ৫:৫০ অপরাহ্ণ

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। তবে এই একটি পরিবর্তন ছাড়া দলের মূল একাদশে বড় কোনো রদবদলের সম্ভাবনা দেখছেন না কোচ লিওনেল স্কালোনি।

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন মন্টিয়েল। কিন্তু ম্যাচের পর থেকে তিনি পুরোপুরি অনুশীলনে অংশ নিতে পারেননি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তার পরিবর্তে অস্ট্রিয়ার বিপক্ষে নাহুয়েল মলিনাকে শুরু থেকেই খেলানোর সম্ভাবনা সবচেয়ে বেশি।

তবে মন্টিয়েলের চোটকে গুরুতর হিসেবে দেখছে না আর্জেন্টিনা দল। শনিবার ও রোববার তিনি হালকা অনুশীলন করবেন বলে জানা গেছে। দলের আশা, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাকে আবারও মাঠে দেখা যেতে পারে।

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগেই চোটের সমস্যায় ভুগছিলেন মন্টিয়েল। ক্যানসাসে দলের ক্যাম্পে যোগ দেয়ার সময় তার অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ছিল। সেই কারণে তিনি ক্লাবের শেষ কয়েকটি ম্যাচ এবং জাতীয় দলের একটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নাহুয়েল মলিনা। এবার তাকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত হবে লিওনেল মেসিদের।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন