শিক্ষিকাকে প্রকাশ্যে মারধর, গ্রাম্য শালিসে ক্ষমা ও টিসির মাধ্যমে নিষ্পত্তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ । ১০:৫৩ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ডা. শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষিকাকে প্রকাশ্যে মারধরের ঘটনায় গ্রাম্য শালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। তবে শালিসে দেওয়া সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষিকা।

বুধবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক গ্রাম্য শালিসে অভিযুক্ত শিক্ষার্থীকে শিক্ষিকার পা ধরে ক্ষমা চাইতে এবং বিদ্যালয় থেকে বহিষ্কার (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ধলাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিঠু ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

তবে শালিসের এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন ভুক্তভোগী শিক্ষিকা নাজমুন নাহার নাহিদ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, একজন শিক্ষিকাকে বহু শিক্ষার্থী ও শিক্ষকের সামনে প্রকাশ্যে মারধর করে চরম অপমান করার পর শুধু পা ধরে ক্ষমা চাওয়াকে কোনোভাবেই সুষ্ঠু বিচার বলা যায় না। তিনি বিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের কাছে ঘটনার যথাযথ বিচার দাবি করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর মেহেদী হাসান বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং তিনি বিদ্যালয়ের এক দপ্তরির ছেলে। শালিস বৈঠকেও অভিযুক্ত শিক্ষার্থী মূল ঘটনা কৌশলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন ওই শিক্ষিকা।

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকাদিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নাজমুন নাহার নাহিদ জানান, গত মঙ্গলবার ক্লাস চলাকালে একটি বিষয়কে কেন্দ্র করে তার সঙ্গে বিদ্যালয়ের দপ্তরির ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা সহিংস রূপ নেয়। উপস্থিত সবাইকে হতবাক করে দিয়ে নবম শ্রেণির ওই শিক্ষার্থী তার গায়ে হাত তোলে এবং চড়-ঘুষি মারে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় সেখানে বিদ্যালয়ের আরও তিনজন শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সবার সামনে এমন আকস্মিক হামলার ঘটনায় বিদ্যালয়ে থমথমে ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিদ্যালয়ের ভেতর একজন শিক্ষার্থীর হাতে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত হওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই শিক্ষিকা। ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যেও রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, শিক্ষকের ওপর শিক্ষার্থীর এমন হামলার ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। অভিভাবক, শিক্ষানুরাগী ও সচেতন মহলের প্রতিনিধিরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন