নাগরপুরের বনগ্রাম বিলে অভিযান, ৩৫টি চায়না জাল জব্দ ও ধ্বংস

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬ । ৪:০৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম বিলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩৫টি চায়না জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

সোমবার বিকেলে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ। এছাড়া উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা অভিযানে অংশ নেন ও সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিষিদ্ধ চায়না জাল ব্যবহারের ফলে ছোট মাছ, মাছের ডিম ও রেণুসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়। এতে প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি কঠোর আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন