ফুটবল মাঠে বলের দখল আর জাদুকরী পাসের লড়াই তো থাকবেই, তবে এবারের বিশ্বকাপ ফাইনাল যেন এক অন্যরকম দ্বৈরথ। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে সোমবার রাতে যখন স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটে দেখা যাবে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক লড়াই। কারণ, শিরোপা নির্ধারণী এই মহারণে শিক্ষকের বিপক্ষে ছক কষবেন তারই একসময়ের ছাত্র! যে স্প্যানিশ ফুটবল মডেলকে অনুকরণ করে আর্জেন্টিনা আজকের এই অজেয় দলে পরিণত হয়েছে, সেই স্পেনের বিপক্ষেই এবার শিরোপার লড়াইয়ে নামছে লিওনেল স্কালোনির দল। একদিকে স্প্যানিশ মাস্টারমাইন্ড লুইস দে লা ফুয়েন্তে, অন্যদিকে তারই একসময়ের ছাত্র লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মিলটা শুধু মাঠের ফুটবলশৈলীতে আটকে নেই। দল পরিচালনা, বয়সভিত্তিক একাডেমি থেকে ধাপে ধাপে প্রতিভা তুলে আনা এবং কোচ তৈরির কাঠামো—সব জায়গাতেই দুই দেশের অদ্ভুত সাদৃশ্য। স্প্যানিশ গণমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্ব ফুটবলে ছড়ি ঘোরানো স্পেনের ফুটবলীয় কাঠামো থেকেই মূলত অনুপ্রাণিত হয়েছিল আর্জেন্টিনা। স্পেনের সেই সোনালি যুগে বয়সভিত্তিক দল থেকে শুরু করে মূল দল পর্যন্ত একটি নির্দিষ্ট দর্শন মেনে চলার যে দীর্ঘমেয়াদি রীতি ছিল, ঠিক সেই ছাঁচেই নিজেদের ফুটবল সংস্কৃতিকে নতুন করে সাজিয়েছে লাতিন আমেরিকার দেশটি।
বিজ্ঞাপন
এই রোমাঞ্চকর পরিবর্তনের মূল কারিগর লিওনেল স্কালোনি। মজার ব্যাপার হলো, খেলোয়াড়ি জীবন শেষে এই স্কালোনি ২০১৭ সালে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের লাস রোসাস একাডেমিতে কোচিংয়ের দীক্ষা নিয়েছিলেন। আর সেখানে তার অন্যতম প্রশিক্ষক ছিলেন স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে! ২০১৮ বিশ্বকাপের পর যখন স্কালোনিকে আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়, তখন শীর্ষ পর্যায়ে তার কোনো অভিজ্ঞতাই ছিল না। স্পেনে একটি বয়সভিত্তিক টুর্নামেন্টে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা ছাড়া তার ঝুলিতে বড় কোনো প্রমাণ ছিল না। অনভিজ্ঞ এক কোচকে এমন দায়িত্ব দেওয়ায় তখন আর্জেন্টিনায় প্রবল সমালোচনার ঝড় উঠেছিল। তবে স্কালোনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আজ নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
স্পেনের কাঠামোর মতোই স্কালোনি তার কোচিং প্যানেল সাজিয়েছেন সাবেক তারকাদের দিয়ে। পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল ও রবার্তো আয়ালার মতো সাবেক ফুটবলাররা এখন তার বিশ্বস্ত ছায়াসঙ্গী। পিছিয়ে নেই বয়সভিত্তিক দলগুলোও; সেখানে দায়িত্ব সামলাচ্ছেন হাভিয়ের মাচেরানো ও দিয়েগো প্লাসেন্তের মতো তারকারা। স্পেনও ঠিক এভাবেই নিজেদের সিস্টেমে বেড়ে ওঠা সাবেক খেলোয়াড়দের কাজে লাগিয়েছে। এমনকি খোদ দে লা ফুয়েন্তেও স্পেনের বিভিন্ন বয়সভিত্তিক দলের ধাপ পেরিয়ে আজ জাতীয় দলের কোচ হয়েছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে ২০২১ সালে আর্জেন্টিনাও বয়সভিত্তিক দলগুলোর জন্য একটি সুনির্দিষ্ট উন্নয়ন কাঠামো তৈরি করে, যার মূল লক্ষ্য ছিল সব স্তরের দলে একই ফুটবলীয় পরিচয় ও দর্শন প্রতিষ্ঠা করা।
এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুফল হাতেনাতেই পেয়েছে আর্জেন্টিনা। আগে যেখানে দলটির সবকিছু লিওনেল মেসিকে কেন্দ্র করে আবর্তিত হতো এবং মেসিকে একাই ম্যাচ জেতানোর চাপ নিতে হতো, এখন সেখানে ভরসা জোগাচ্ছে শক্তিশালী এক মিডফিল্ড। এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, পারেদেস ও দি পলরা বল দখলে রেখে দলের আক্রমণের ধার বাড়িয়েছেন। স্পেনের সোনালি যুগের বুসকেতস-জাভি-ইনিয়েস্তাদের মতো কিংবা বর্তমান দলের রদ্রি-পেদ্রিদের মতোই মাঝমাঠে আধিপত্য বিস্তার করছে আর্জেন্টিনাও।
তবে স্কালোনি স্পেনের অন্ধ অনুকরণ করেননি। লাতিন ফুটবলের চিরচেনা লড়াকু মানসিকতা, দ্রুতগতির আক্রমণ আর ম্যাচের পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার কৌশল ধরে রেখেই তিনি দলকে করেছেন অপ্রতিরোধ্য। স্পেন যেখানে কেবল বলের নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিপক্ষকে দমিয়ে রাখতে চায়, আর্জেন্টিনা সেখানে নিয়ন্ত্রণের পাশাপাশি যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতিতেও নিজেদের মানিয়ে নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে।
বিজ্ঞাপন
নিজেদের এই দুর্দান্ত কৌশলের ওপর ভর করেই টানা দুটি কোপা আমেরিকা, ফিনালিসিমা ও ২০২২ সালের বিশ্বকাপ জিতেছে স্কালোনির দল। এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি তাদের সামনে। তবে ফাইনালে কিছুটা অস্বস্তি নিয়ে নামতে হবে আর্জেন্টিনাকে; চোটের ব্যথা নিয়েই গোলবারের নিচে দাঁড়াবেন দলের নির্ভরতার প্রতীক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।
অন্যদিকে, টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা ইউরো চ্যাম্পিয়ন স্পেন ২০১০ সালের পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা খুঁজছে। ফাইনাল তাই শুধু মেসি বনাম ইয়ামালের লড়াই নয়, এটি স্প্যানিশ ফুটবল ব্যবস্থার অন্যতম প্রতিনিধি গুরু দে লা ফুয়েন্তের ফুটবল দর্শনের সঙ্গে ছাত্র স্কালোনির সফল ট্যাকটিক্সের এক মহাকাব্যিক লড়াই। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টায় শুরু হতে যাওয়া এই মহারণই বলে দেবে, শেষ হাসি হাসবেন গুরু নাকি শিষ্য!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ । ৬:৪৫ অপরাহ্ণ