গত কয়েকদিনের যমুনার ভাঙনে গোপালপুর উপজেলার তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের নলিন-শাখারিয়া অংশে ভাঙন শুরু হয়েছে। বর্তমানে মহাসড়কের ৬০ মিটার অংশে ভাঙন শুরু হয়েছে। ভাঙন অব্যাহত থাকলে বিলীন হয়ে যেতে পারে ভূঞাপুর-তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক এই সড়কটি।
হুমকিতে থাকায় সড়ক দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ, হুমকিতে রয়েছে ঘরবাড়িসহ বহু স্থাপনা। ভাঙন কবলিত এলকা লোকজন অন্যত্র সরিয়ে নিচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র।
গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন যাতায়াত করে থাকে। এছাড়াও তারাকান্দির সারবাহী সকল ট্রাক চলাচল করেন এই সড়কটি দিয়ে। সড়কটি ভেঙে গেলে যোগাযোগ বিচ্ছিন্নসহ তলিয়ে যাবে গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী নিম্নাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা। খবর পেয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু। তাৎক্ষনিক তিনি জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জিওব্যাগ ফেলার ব্যবস্থা করেন।
সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন- তারাকান্দি সড়কের নলিন-শাখারিয়া অংশে ভাঙনের খবর পেয়ে আমি ও আমার নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করি। গুরুত্বপূর্ণ এই সড়কটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা গ্রহণ করি।
গুরুত্বপূর্ণ এই সড়কটি রক্ষায় সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন।

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ । ৬:৫৩ অপরাহ্ণ