মির্জাপুরে প্রাত ভ্রমণে বেরিয়ে বৃদ্ধার স্বর্ণের দুল ছিনতাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ । ২:৫৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাত ভ্রমণে বের হয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন নুরজাহান বেগম নামের এক বৃদ্ধা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার কানের আট আনা ওজনের দুটি স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ।

শনিবার (৮ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নুরজাহান বেগম বাওয়ার কুমারজানী গ্রামের মৃত চান্দে সিকদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে বাড়ির পাশে মহাসড়কের ধীরগতির লেনে প্রাত ভ্রমণে বের হন তিনি। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তার কাছে এসে দুই হাত ধরে কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেন। পরে তারা দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সকালে প্রাত ভ্রমণে বের হওয়া নারী ও বয়স্ক ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নুরজাহান বেগমের ছেলে মিজান সিকদার বলেন, মহাসড়কসংলগ্ন এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন