লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ । ৮:৫৮ পূর্বাহ্ণ

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে এ সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী।

বিবৃতিতে দাবি করা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। ‘দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

হেফাজতে ইসলামের নেতারা উল্লেখ করেন, বৃহস্পতিবার ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানানো হয়েছিল, শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী। তাদের দাবি, তিনি দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী।

বিবৃতিতে আরও বলা হয়, ধর্ম মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এই পদে ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য কাউকে দায়িত্ব না দিয়ে এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হলে দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হানবে।

হেফাজতে ইসলাম সতর্ক করে বলেছে, দেশের কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার অবদান ও পরামর্শ উপেক্ষা করে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও আস্থায় চরম চিড় ধরবে। তাই শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে আলেম-উলামাদের সঙ্গে পরামর্শ করে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন