মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি, সমাবেশ ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি পুলিশ ও গোপালপুর থানা পুলিশের আয়োজনে আলমনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক মতবিনিময় সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এস. এম. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।
সভায় বক্তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকমুক্ত, অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।
র্যালি ও মতবিনিময় সভায় আলমনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:২৭ পূর্বাহ্ণ