পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার বেতন কত বাড়ছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৫৭ অপরাহ্ণ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন ও ভাতার কাঠামো ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত এ প্রজ্ঞাপনটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’।

নতুন কাঠামো অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় নির্ধারিত অতিরিক্ত মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতিরিক্ত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে। এই অর্থ গত ৩০ জুনে প্রাপ্য বা আহরিত মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।

পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা অতিরিক্ত মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে বেতন পাবেন।

এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন বৃদ্ধির পুরোটা বা ১০০ শতাংশ কার্যকর হবে। যেহেতু নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে, তাই ওই সময় থেকে প্রাপ্য বকেয়া বেতনও কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামোর আওতায় অন্যান্য সব ভাতা কার্যকর হবে। একই সঙ্গে পেনশনভোগীরাও নতুন কাঠামো অনুযায়ী প্রাপ্য সব সুবিধা পাবেন।

নতুন পে-স্কেলে ১ম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ার সুযোগ রয়েছে। অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতাও নির্ধারিত অনুপাতে বাড়ানো হবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন