কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:২৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলাম মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামে এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ইউসুফ আলী (মেকার) পূর্ববিরোধের জেরে শহিদুল ইসলামের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। শহিদুলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শহিদুল ইসলামকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী কালের কণ্ঠকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রবিবার তিনজনকে আসামি করে নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন