ঘাটাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:০৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে শিক্ষক সমিতির উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বাশিস ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমাদুল হাসান। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান।

জহুরুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, বাশিসের সাবেক সভাপতি মো. আবুল হাশেম আহমেদ, মফিজুর রহমান তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

এ ছাড়া সম্মেলনে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. আঃ হাকিম, মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম স্বপনসহ স্থানীয় শিক্ষক নেতারা।

সম্মেলনে উপস্থিত বক্তারা বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা দ্রুত জাতীয়করণের আহ্বান জানান শিক্ষক নেতারা।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন