পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নাগরপুরে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৪৬ অপরাহ্ণ

দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নাগরপুর উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এদিন দুপুরে উপজেলা যুবদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নাগরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি টাঙ্গাইল-আরিচা মহাসড়কের রাজিয়া কমপ্লেক্সের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান জাহিদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা জানান, একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করতে এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পরিকল্পিত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। রাজপথে থেকে সব ধরনের দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করতে যুবসমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন