সখিপুরে ট্রাকের চাপায় অটোভ্যানচালক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:২২ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখিপুরে বেপরোয়া ট্রাকের চাপায় হীরামতি সিরাজ ইসলাম (৬০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় সখিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সখিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হীরামতি সিরাজ ইসলাম সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার জায়েদা মার্কেটের বাসিন্দা এবং মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্দি এলাকা থেকে অটোভ্যান চালিয়ে সখিপুরের দিকে আসছিলেন সিরাজ ইসলাম। পথিমধ্যে সখিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের বড় ছেলে মো. মিজান হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে। ঘাতক চালককে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন