টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন নূরী তাসমিন ঊর্মি। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
নতুন দায়িত্বে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার অধীনে ক্ষমতাও প্রয়োগ করতে পারবেন।
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নূরী তাসমিন ঊর্মি ২০১৯ সালের এপ্রিলে সরকারি চাকরিতে যোগ দেন। কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি খুলনায় সহকারী কমিশনার, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরে সহকারী কমিশনার (ভূমি) এবং বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিরাজগঞ্জের তাড়াশে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সুবিধাবঞ্চিত প্রবীণ নারীদের জটিল ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেন। এ উদ্যোগের জন্য তিনি প্রশংসিত হন।
এ ছাড়া বাসাইল উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন মামলা ও সমস্যার সমাধানে ভূমিকা রাখেন তিনি। ভূমি সেবা নিয়মিতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তার উদ্যোগ জনসাধারণের আস্থা অর্জন করে।
নূ্রী তাসমিন ঊর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:১১ পূর্বাহ্ণ