টাঙ্গাইলে ‘শান্তি ও নিরাপত্তা সুসংহত করতে ধর্মের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ৭:০৩ অপরাহ্ণ

‘শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা সুসংহত করতে ধর্মের ভূমিকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে হেযবুত তওহীদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় টাঙ্গাইল জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করে টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি ডা. নাজম আল ইসলামের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, এস এম সামসুল হুদা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাপ্পা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “পুরো মানবজাতিকে আল্লাহর তওহীদের ভিত্তিতে অর্থাৎ সত্য ও ন্যায়ের পক্ষে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করাই হেযবুত তওহীদের মূল লক্ষ্য। মানবজীবনে সঠিক পথ, হেদায়াহ ও সত্য জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমস্ত মানবজাতি অন্যায় ও অবিচার থেকে মুক্তি পাবে এবং পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে অনাবিল শান্তি। সেই শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়েই নিরলস সংগ্রাম করে যাচ্ছে হেযবুত তওহীদের প্রতিটি সদস্য-সদস্যা।”

WhatsApp Image 2026-10-03 at 2.23.13 PM
তিনি আরও বলেন, “বর্তমান অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে ধর্মের প্রকৃত শিক্ষার কোনো বিকল্প নেই। ইসলাম এসেছে মানুষের জান-মালের নিরাপত্তা এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে। কিন্তু আজ একদল স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার সৃষ্টি করছে। বর্তমান প্রেক্ষাপটে উগ্রবাদ কেবল শক্তি প্রয়োগ করে দমন করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী আদর্শিক লড়াই। রাষ্ট্র পরিচালনা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তি হতে হবে মহান আল্লাহ্‌র দেওয়া জীবনবিধান। তওহীদভিত্তিক ঐক্যের মাধ্যমেই কেবল একটি নিরাপদ ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব।”

শাসনব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়ে তিনি আরও বলেন, “সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে ব্রিটিশ আমলের ঘুণে ধরা শাসনব্যবস্থার পরিবর্তন প্রয়োজন এবং তা হতে হবে আল্লাহ্‌র দেওয়া তওহীদভিত্তিক আধুনিক রূপরেখার আদলে।”

সভাপতির বক্তব্যে ডা. নাজম আল ইসলাম বলেন, “মানবতার কল্যাণই ইসলামের মূল লক্ষ্য। ধর্মকে ব্যক্তিস্বার্থে বা রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে মানুষের সেবায় নিয়োজিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, মানুষের সেবা আর স্রষ্টার ইবাদত আলাদা কিছু নয়। হেযবুত তওহীদ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা চাই একটি ভ্রাতৃত্বপূর্ণ সমাজ, যেখানে কোনো হানাহানি থাকবে না। টাঙ্গাইলের প্রতিটি ঘরে ঘরে এই শান্তির বার্তা পৌঁছে দিতে আমাদের কর্মীদের আরও সক্রিয় হতে হবে।”

উল্লেখ্য, সকাল থেকেই টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ব্যানার-ফেস্টুনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অডিটোরিয়াম প্রাঙ্গণে জমায়েত হন। বিশাল এই জনসমাগমে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন