বাসাইলে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ৭:০৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন দুতলা ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রায়হান মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে বাসাইল পৌরসভার প্রশিকা এলাকায় প্রবাসী আনিসের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। তিনি কয়েকদিন ধরে আনিসের নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।

জানা গেছে, সকালে আনিসের নির্মাণাধীন দুতলা ভবনে রায়হান রডের কাজ করছিলেন। এ সময় রডটি ওপরের দিকে ওঠালে পল্লীবিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পর্শে রায়হান গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন