প্রবাসীদের ঘিরে অনিয়মের জাল স্বপ্নের পথে শুধুই হয়রানি!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ । ৯:২৪ অপরাহ্ণ

প্রবাসীদের ঘিরে অনিয়মের জাল। স্বপ্নের পথে শুধুই হয়রানি। প্রতিমন্ত্রী নুরের নামে পাঁচ লাখ টাকা দাবি; যুব অধিকার পরিষদের সেই নেতা বহিষ্কার।

অডিওতে পাঁচ লাখ টাকা দাবি

পাঁচ, পাঁচ–ই লাগবে—এক পয়সাও কম হবে না। এটি সরাসরি ভিপি নূরের নির্দেশ।

মাত্র কয়েক সেকেন্ডের এই অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই খুলে যায় বিতর্কের এক নতুন দরজা। অডিওতে লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের নামে, বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছ থেকে পাসপোর্ট, ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ডের কথা বলে পাঁচ লাখ টাকা দাবি করেন।

গত সোমবার (৫ অক্টোবর) অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। আর এই আলোচনা-সমালোচনার মাঝেই গণ অধিকার পরিষদ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় বলে জানা যায়। সোমবার রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফারুক হোসেনকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি উঠে আসে।

প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

এদিকে বিতর্কিত ওই অডিও রেকর্ড নিয়ে মুখ খুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে তিনি লেখেন, তার নাম ব্যবহার করে প্রতারণার কোনো সুযোগ নেই।

প্রবাসীদের হয়রানির শেষ নেই

অন্যদিকে, প্রবাসীদের হয়রানির যেন শেষ নেই। লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষা, মালামাল হারিয়ে যাওয়ার অভিযোগ, কর্মীদের দুর্ব্যবহার—এর সঙ্গে ট্রলি ভোগান্তি। এ যেন প্রবাসীদের প্রতিদিনের চাপিয়ে রাখা এক দীর্ঘশ্বাস।

সম্প্রতি বিমানবন্দরের সেই অনিয়ম-অব্যবস্থাপনা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে।

আর এই ঘটনায় গত শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের সেই কর্মকর্তা মামলা দায়ের করলে আখতারুজ্জামানকে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। পরবর্তীতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে বলেও জানা যায়।

প্রবাসে যাওয়ার স্বপ্ন নিয়ে দেশ ছাড়ার আগেই যদি প্রতারণা, হয়রানি আর অনিয়মের জালে আটকে যেতে হয়, তবে সেই স্বপ্নই হয়ে ওঠে দুর্ভোগের আরেক নাম। এদিকে বিমানবন্দরের অব্যবস্থাপনাসহ প্রবাসীদের যাবতীয় হয়রানির অবসান ঘটিয়ে তাদের পথকে সহজ ও নির্বিঘ্ন করার দাবি বিশ্লেষকদের।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন