একই চরিত্রে বাঁধা পড়তে চাই না: দিশা পাটানি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ । ১১:২৭ অপরাহ্ণ

এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে বলিউডে পা রাখার ১০ বছর পূর্ণ হয়েছে দিশা পাটানির। পেছনে ফিরে তাকিয়ে এই দশককে তিনি সহজ ভাষায় বর্ণনা করেছেন ‘আবিষ্কারের এক সময়’ হিসেবে।

সেটে কাজের প্রাথমিক বিষয় শেখা থেকে নিজের অভিনয়শিল্প নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠা, এই পথচলায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তার নিজের ভেতরেই, বলেন অভিনেত্রী।

দিশা বলেন, ‘‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি যখন করেছিলাম, তখন সবকিছুই আমার কাছে নতুন ছিল। আমি শিখছিলাম সেট কীভাবে চলে, ক্যামেরার সামনে কীভাবে দাঁড়াতে হয়, চরিত্র কীভাবে বুঝতে হয়, আর পরিচালকের নির্দেশ কীভাবে নিতে হয়।’’

তখন তিনি খুব সহজাতভাবে কাজ করতেন। এখন নিজের কাজ নিয়ে বোঝাপড়া আরও ভালো হয়েছে এবং নিজের ওপর আরও স্বচ্ছন্দে ভরসা করতে পারেন বলে জানান তিনি।

তবে এই আত্মবিশ্বাস যেন আত্মতুষ্টিতে না বদলে যায়, সে বিষয়ে সচেতন দিশা। তিনি বলেন, ‘‘আমি কখনোই এমন জায়গায় পৌঁছাতে চাই না, যেখানে মনে হবে সব জেনে গেছি, কিংবা পরিশ্রম না করেই কাজ করে ফেলতে পারব।’’

তার কাছে প্রতিটি নতুন চরিত্রের সঙ্গে আসা অনিশ্চয়তাই অভিনয়কে রোমাঞ্চকর রাখে। দিশার কথায়, ‘‘আমার মনে হয়, কৌতূহল হারিয়ে ফেলাই হবে বড় ভয়ের বিষয়।’’

এই কৌতূহলই দিশাকে অজানা জগতের দিকে টানছে। তিনি এমন চরিত্রে অভিনয় করতে চান, যেখানে বেশি দ্বন্দ্ব আছে। এমন ভূমিকাও চান, যেখানে ‘শারীরিক সৌন্দর্য বা গ্ল্যামার মুখ্য নয়, চরিত্রটিই ছবিটিকে টেনে নিয়ে যায়।’

মনস্তাত্ত্বিক নাটক, চরিত্রনির্ভর থ্রিলার এবং চ্যালেঞ্জিং চরিত্রের অ্যাকশন ছবি তার ইচ্ছা তালিকায় আছে।

নতুন দশকে পা রাখতে গিয়ে দিশা আরও ঝুঁকি নিতে চান। তিনি কাজ করতে চান বিভিন্ন নির্মাতার সঙ্গে, বিভিন্ন ভাষা ও ধারার ছবিতে। দিশা বলেন, ‘‘আমি কোনো একটি নির্দিষ্ট ধরনের চরিত্র বা ভাবমূর্তিতে বাঁধা পড়তে চাই না।’’

সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন