মোদিকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর, তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ । ৭:৪৬ অপরাহ্ণ

তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মি. মোদি, আপনার যা খুশি করুন। সব পুলিশকে ডাকুন, ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার; আপনার যা ইচ্ছা—সব নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণদের গ্রেপ্তার করুন। শনিবার (১০ অক্টোবর) এক এক্স বার্তায় রাহুল গান্ধী এ কথা লেখেন।

রাহুল লেখেন, আমি এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি এবং আরএসএসের বিরুদ্ধে লড়াই করে আসছি। আপনি যেভাবে আপনার প্রতিপক্ষকে বুঝবেন, আমি তাদের ঠিক সেভাবেই বুঝি—একদম ভেতর থেকে, আমার হাতের তালুর মতো। এই লোকগুলোর মূল বৈশিষ্ট্য হলো কাপুরুষতা।

নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার এবং অজিত দোভাল—এই গল্পের খলনায়কেরা—ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে তাদের চারপাশের জায়গা ছোট হয়ে আসছে। আমরা সেই জায়গা ছোট করে আনছি।

তিনি আরও লেখেন, আমার কথা লিখে রাখুন, আমাদের যে তথ্যের দরকার তা ইতোমধ্যে আমরা পেয়ে গেছি। আমরা আমাদের সংবিধানকে রক্ষা করব। আমরা ভারতীয়দের বাক স্বাধীনতাকে রক্ষা করব। আমরা একই সঙ্গে নিশ্চিত করব, গত ১৫ থেকে ১৬ বছরে ভারতে যা হয়েছে তার পুনরাবৃত্তি আর হবে না।

তরুণদের প্রতি সমর্থন আছে উল্লেখ করে রাহুল গান্ধী রেখেন, ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।

উল্লেখ্য, শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দেড় হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আটক বিক্ষোভকারীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে মুহুর্মুহু পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়।

বিক্ষোভে যোগ দিতে যন্তর মন্তরের আশপাশে আসা ব্যক্তিদের আটক করতে থাকে পুলিশ। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা ও বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়। গণআটকের পরিপ্রেক্ষিতে বিক্ষোভ আরও নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন