সাজেকে সড়ক অবরোধ স্থগিত, ফিরতে শুরু করেছেন পর্যটকেরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ৬:১৯ অপরাহ্ণ

প্রশাসনের আশ্বাসে রাঙামাটির সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করেছেন আন্দোলনকারীরা। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে ভোগান্তিতে পড়া পর্যটকদের মধ্যে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে এ সিদ্ধান্তের পর খাগড়াছড়ি–সাজেক সড়কের গঙ্গারাম মুখ এলাকায় আটকে পড়া পর্যটক ও যানবাহন চলাচল শুরু হয়।

এর আগে, অবরোধের কারণে সড়কের দুই পাশে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। এসব যানবাহনে নারী ও শিশুসহ শত শত পর্যটক ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

সাজেকগামী সড়কে অনির্দিষ্টকালের অবরোধের কারণে আটকা পড়েছেন শত শত পর্যটক। ছবি : এশিয়া পোস্ট
সাজেকগামী সড়কে অনির্দিষ্টকালের অবরোধের কারণে আটকা পড়েছেন শত শত পর্যটক। ছবি : এশিয়া পোস্ট

‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ যৌথভাবে এ অবরোধ কর্মসূচির ডাক দেয়। আন্দোলনকারীদের অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে।

সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ, নিরাপত্তায় সেনাবাহিনী
‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’র প্রতিনিধি বাবু ধন চাকমা জানান, প্রশাসনের কাছে তারা তিনটি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক এলাকা থেকে জেএসএসকে সরিয়ে নেওয়া, ভবিষ্যতে সংগঠনটি যাতে কাউকে প্রাণনাশের হুমকি দিতে না পারে, সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া এবং সাধারণ মানুষের বাড়িতে তল্লাশির নামে হয়রানি বন্ধ করা।

তিনি আরও জানান, প্রশাসনের আশ্বাসে তারা ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে অবরোধ স্থগিত করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ করা হলে আর সড়ক অবরোধ করা হবে না। অন্যথায় তারা আবারও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর তারা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটকে পড়া পর্যটকেরা নিরাপদে খাগড়াছড়ি ও সাজেকের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন