মিসরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ৯:৩৯ পূর্বাহ্ণ

সরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় আকারের ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিউত পশ্চিম মরুভূমির সড়কে এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

মিসরের সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, মরুভূমির ওই মহাসড়কে চলার সময় বাসটির সঙ্গে ট্রাকের সজোরে ধাক্কা লাগে।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৩৪ জন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানান, সংঘর্ষে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে। বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে ভারী ক্রেন ব্যবহার করতে হয়েছে উদ্ধারকর্মীদের।

দুর্ঘটনাস্থলের আশপাশে বাসের ভাঙা অংশ, যাত্রীদের আসনসহ বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ট্রাকের পেছনের দিকেও বাসের ভাঙা অংশ আটকে থাকতে দেখা গেছে।

দুর্ঘটনার পর সড়কে পড়ে থাকা ধ্বংসাবশেষ সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধারের কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আল-আহরামের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের গিজা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহত ব্যক্তিদের পরিচয় কিংবা তাঁদের মধ্যে কতজন পর্যটক ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাস ও ট্রাকের সংঘর্ষ কীভাবে ঘটল, চালকদের কোনো গাফিলতি ছিল কি না কিংবা যানবাহনের যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে কি না, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা চলছে।

এর আগে গত মাসে মিসরের সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। তাঁদের মধ্যে জর্ডানের ১০ জন পর্যটক ছিলেন। ওই ঘটনায়ও পর্যটকদের প্রাণহানির বিষয়টি আলোচনায় আসে।

এ ছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরপর এসব দুর্ঘটনায় দেশটির সড়ক নিরাপত্তা, যানবাহন চলাচলে শৃঙ্খলা এবং আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র: আরব নিউজ

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন