এবার সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, একজনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ১০:১২ পূর্বাহ্ণ

সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সন্ধ্যায় এক হামলায় অন্তত একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার

এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আহত আটজনের মধ্যে কয়েকজনের আঘাত সামান্য হলেও কারও কারও অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে বুধবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করেছিল একটি ড্রোন। তবে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি প্রতিহত করে। এ ঘটনায় দুজন নিহত হন।

ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারপন্থী বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে একের পর এক হামলার ঘটনা ঘটছে।

গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক আরেকটি হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার কথা জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে হুতি বাহিনীর ধারাবাহিক হামলার মধ্যে বুধবার সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ ছাড়া মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি কূটনৈতিক মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও সৌদি আরবে হুতি বাহিনীর আরও হামলার আশঙ্কার কথা জানিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন