মধুপুরে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ । ৪:৩৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের মধুপুরে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) মধুপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাইতকাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কৃষিজমির টপ সয়েল কেটে বিক্রির প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে নেওয়া জমির উৎপাদনক্ষমতা ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষিজমির উর্বরতা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন