বদলি-পদায়নে লটারি নিয়ে বিতর্কে দুঃখ প্রকাশ গণপূর্তমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ । ৮:৪১ অপরাহ্ণ

গণপূর্ত অধিদপ্তরে বদলি ও পদায়নে অনিয়ম এবং তদবির বন্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ লটারি পদ্ধতি চালু করা হয়েছে। তবে এ উদ্যোগকে কোনো কোনো গণমাধ্যমে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত ‘জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তরে বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ছিল। তদবির ও অনিয়মের সুযোগ বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের উপস্থিতিতে উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত ওই লটারিতে ৪০ থেকে ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এ পদ্ধতিতে প্রায় ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, সব ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কিছু মানবিক বিষয়ও বিবেচনায় নিতে হয়। তবে বদলি ও পদায়ন বাণিজ্য বন্ধে নেওয়া স্বচ্ছ উদ্যোগকে বিতর্কিত করার চেষ্টা কষ্টদায়ক।

গণপূর্তমন্ত্রী বলেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারের ভালো কাজগুলোকে উৎসাহিত করতেও সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গণির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার নেতা মো. জামাল হোসেন। এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমানসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন