ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারা কি জায়েজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ৯:৪৬ পূর্বাহ্ণ

শহরাঞ্চলে মশা-মাছির উপদ্রব থেকে বাঁচতে কেউ কেউ ইলেকট্রিক ব্যাট ও যন্ত্রপাতি ব্যবহার করেন। জানার বিষয় হলো, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারা জায়েজ কি না?

আলেমদের কারও কারও মতে, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারা জায়েজ নেই। তাদের দলিল হলো, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারলে এতে আগুন ধরে পুড়ে যায় এবং এতে মশাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়। আর ছোট-বড় কোনো প্রাণিকে আগুন দিয়ে পুড়িয়ে মারা জায়েজ নেই। কেননা আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহই রাখেন। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘আগুন দিয়ে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ শাস্তি দিতে পারে না।’ (সহিহ বুখারি, হাদিস: ৩০১৬)

হাদিসে আগুনের মাধ্যমে শাস্তি দিয়ে প্রাণী হত্যা করতে নিষেধ করা হয়েছে। এটিকে হারাম বলা হয়েছে।

অনেক ইসলামি স্কলারের মতে, ইলেকট্রিক ব্যাটের মাধ্যমে বৈদ্যুতিক শক দিয়ে মশা মারা জায়েজ আছে। তাদের দাবি, বৈদ্যুতিক মেশিন দিয়ে মশা মারা আর আগুন দিয়ে পুড়িয়ে মারা এক নয়। কারণ, বৈদ্যুতিক শককে আগুন বলা ঠিক নয়। ইলেকট্রিক ব্যাটে এক টুকরো কাপড় বা কাগজ রাখা হলে এতে আগুন লাগবে না। বরং এ যন্ত্রটি মশার জীবনীশক্তিকে শুষে নেয়। তাই এটি আগুন দিয়ে পোড়ানোর আওতায় আসবে না।

কোনো প্রাণী কষ্টদায়ক বা ক্ষতিকর হলে তাকে হত্যা করা যাবে। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘নবীদের মধ্যে কোনো এক নবী একটি গাছের নিচে অবতরণ করলে তাঁকে একটি পিঁপড়া কামড় দেয়। ফলে তাঁর নির্দেশে পিঁপড়ার বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাঁর প্রতি ওহি বা প্রত্যাদেশ নাজিল করে বললেন, ‘তুমি একটি মাত্র পিঁপড়াকে শাস্তি দিলে না কেন?’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৪১)। এ হাদিসে আল্লাহ নবীকে একজনের অপরাধে পুরো দলকে শাস্তি দেওয়ার জন্য তিরস্কার করেছেন, পুড়িয়ে মারার জন্য নয়। তাই ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে কোনো বাধা নেই। (ফাতাওয়া লাজনা দায়েমা, ফাতাওয়া নম্বর: ৫১৭৬)

ভারতের দারুল উলুম দেওবন্দের ফাতাওয়ায় বলা হয়েছে, যদি মশা নিধনের অন্য কোনো পদ্ধতি না থাকে, তাহলে বৈদ্যুতিক ব্যাট দিয়ে মারা জায়েজ। অন্য পদ্ধতি থাকলে ব্যাট দিয়ে পোড়ানো জায়েজ নয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সংস্থার ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে। এটিকে অনেক আলেম নাজায়েজ বলেন। কিন্তু জায়েজ বলার মতটাই আমার কাছে অধিকতর বিশুদ্ধ মত মনে হয়। মশা মারার জন্য ইলেকট্রিক ব্যাটে টিপে ধরলে তা আগুনের মতো জ্বলে ওঠে। এ জন্য অনেকে মনে করেন, আগুন দিয়ে হত্যা করা হয়। মূলত এটি আগুন নয়।’

তিনি বলেন, ‘এ বিষয়ে যেসব আলেম গবেষণা করেছেন, তাদের অনেকের ফাতাওয়া আমি পড়েছি। গবেষকরা এ বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে আলাপ করেছেন। তারা জানিয়েছেন, ইলেকট্রিক শকে যে মশা মরে, আগুনে মরে না। মরে মূলত শকে।’

ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারে এক ফতোয়ায় বলা হয়েছে, ‘কোনো ক্ষতিকর প্রাণীকেও আগুনে পুড়িয়ে মারা জায়েজ নেই। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ ছাড়া কারও অধিকার নেই, আগুন দিয়ে শাস্তি দেওয়ার। তাই রকেট দিয়ে মশা পুড়ে মারা জায়েজ নয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৩০১৬; আদ্দুররুল মুখতার, খণ্ড: ৬, পৃষ্ঠা: ৭৫২)

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন