৩0 হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ১:৩৭ অপরাহ্ণ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে নগরীর কোনাবাড়ী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ শ্রমিকদের নিবৃত্ত করতে গেলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কোনাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে অবরোধ, ভাঙচুর ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে অবস্থান নিয়েছেন। বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন এ সহিংসতা শুরু করেছে শ্রমিকরা। এতে সকাল থেকে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে এ পথে যাতায়াতকারী হাজারো মানুষ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আশরাফুল জানান, রোববার সকাল ১০টার দিকে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন দেন। প্রথমে পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করা হয়, পরে সেখানে আগুন দেওয়া হয়। বক্সটি মূলত দায়িত্বপালনরত পুলিশ সদস্যরা বিশ্রামের কাজে ব্যবহার করতেন। সেখানে মূল্যবান কিছু ছিল না। বক্সের আসবাবপত্রে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন