ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পর্শে নাহিদ খান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই গ্রামের মো. নাজমুল খানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির আশপাশে অবস্থান করার সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে নাহিদ। এতে সে বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আদরের সন্তানকে হারিয়ে শোকে পাগলপ্রায় মা-বাবা। মাত্র আট বছর বয়সি শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মোল্যা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ১২:২৭ অপরাহ্ণ