রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি: ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রানা ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বেলকুচি থানার তদন্ত কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মনিরুল ইসলাম মনি, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, হাজী এন্তাজ আলী প্রামাণিকসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে স্বাবলম্বী করা সম্ভব। এজন্য সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনা করতে হবে।
বক্তারা আরও বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে সমবায়ীদের পাশাপাশি সরকারি-বেসরকারি সব পর্যায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আলোচনা সভায় জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সমবায় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ । ৩:১১ অপরাহ্ণ