ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচল এবং নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখায় সামুদ্রিক মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৮ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অননুমোদিত পথে চলাচলের অভিযোগ
আইআরজিসির দাবি, রবিবার ভোরে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় নির্ধারিত নিয়ম উপেক্ষা করে অননুমোদিত পথে হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
জাহাজগুলো তাদের ট্র্যাকিং, নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। পাশাপাশি ইরানের নির্ধারিত নিয়মকানুনও অমান্য করেছিল বলে জানিয়েছে আইআরজিসি।
নিয়ম মানার তাগিদ তেহরানের
হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের জন্য পূর্বনির্ধারিত নিয়ম মেনে চলার তাগিদ দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট কোনো জাহাজ এসব নিয়ম লঙ্ঘন করলে একই পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিস্ফোরণের পর ট্যাংকারগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে নির্গত ঘন ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে প্রণালির আকাশ ঢেকে দেয়। দক্ষিণ উপকূলের কাছেও জাহাজগুলোকে জ্বলতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এ ঘটনায় সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অঞ্চলটিতে চলমান উত্তেজনার মধ্যে প্রকৃত ঘটনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবির মধ্যে পার্থক্য নির্ধারণ করাও কঠিন হয়ে উঠেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ । ৮:২৩ অপরাহ্ণ