ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ । ৮:১৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইলে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ঘাটাইল উপজেলার মালিরচালায় উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভেকু (এক্সেভেটর) দিয়ে অবৈধ কারখানাটির সমস্ত স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানকালে কারখানার কোনো মালিক বা স্বত্বাধিকারীকে উপস্থিত না পাওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো জরিমানা বা মামলা দায়ের করা সম্ভব হয়নি।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক মো. নুরুল আমিন প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ঘাটাইল উপজেলার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া এসআরবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ঘাটাইল থানা পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরী তাসমিন ঊর্মি জানান, এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত চলমান থাকবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন