বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ৪:৩৭ অপরাহ্ণ

রেজাউল করিম , সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সিরাজগঞ্জের বেলকুচিতে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

আয়োজক সূত্রে জানা যায়, উপজেলায় ১৫৪টি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা ৪৯টি সহ মোট ২০৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বিজয়ীরা উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়। বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে মোট ১৫৭টি পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহের কবি। তাঁর সাহিত্য ও সংগীত চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন