ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে লবণবোঝাই ট্রাক উল্টে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের ওই অংশে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ দুর্ঘটনায় ট্রাকচালকসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে লবণবোঝাই করে একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। পথে করাতিপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে পড়ে। ফলে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ । ৩:০৬ অপরাহ্ণ