বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিকদের মাঝে অসন্তোষের ছাপ দেখা দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লী বিদ্যুৎ এলাকার পোশাকশ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে।
এদিন সকাল সোয়া ৯টার দিকে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানচলাচল বন্ধ হয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে কিছু সময় যানচলাচল বন্ধ থাকে। বর্তমানে চলাচল স্বাভাবিক আছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ২:৩৮ অপরাহ্ণ