ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে জনপ্রিয় নায়ক শাকিব খানের সম্পর্ক নানা সময়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই দুই নায়িকার বাইরেও এই নায়কের জীবনে ছিল এক প্রেমের গল্প, যার পরিণতি হয়নি।
একসময় সেই প্রেমিকাকেই বিয়ে করে সংসারের স্বপ্ন দেখেছিলেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় নিজের অতীত প্রেমের কথা তুলে ধরেন শাকিব।
অনুষ্ঠানে কথায় কথায় উঠে আসে চলচ্চিত্রজগতের বাইরের এক তরুণীর প্রসঙ্গ। ঢাকার একটি প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে ছিলেন তিনি।
পড়াশোনা করেছেন গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে।
পূর্ণিমা জানান, শাকিবের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের অনেকেই তাদের সম্পর্কের কথা জানতেন।
একপর্যায়ে শাকিবও স্বীকার করেন, সেই সম্পর্ক তার জীবনে বিশেষ গুরুত্ব বহন করত। মেয়েটিকে বিয়ে করার ইচ্ছাও ছিল তার। শাকিবের ভাষায়, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম।’
সেই তরুণীর পরিবার ও ব্যক্তিত্বের প্রশংসাও করেন শাকিব। অভিনেতা জানান, দুজনের মধ্যে গভীর ভালোবাসা ছিল। তবে নানা অভিমান ও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সম্পর্কটি টেকেনি। বিচ্ছেদের পর দুজনের জীবনই এগিয়েছে ভিন্ন পথে।
সম্পর্ক ভাঙার কারণ নিয়ে শাকিবের ধারণা, ভালোবাসা বেশি থাকলে ছোটখাটো বিষয়েও অভিমান তৈরি হতে পারে। তাদের ক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছিল। বিচ্ছেদ নিয়ে এখনো তার মনে অনুশোচনা রয়েছে বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ । ৩:১৩ অপরাহ্ণ