এবার স্পেনের ১০ নম্বর জার্সি পাচ্ছেন ইয়ামাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ । ৫:৪৯ অপরাহ্ণ

জাতীয় দলের হয়ে নতুন এক দায়িত্ব পেতে যাচ্ছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল। ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হচ্ছে এই কিশোর উইঙ্গারের হাতে। ইংল্যান্ডের বিপক্ষে রোববার (১৫ নভেম্বর) রাতের গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের হয়ে নিজের পরিচিত ১৯ নম্বরের পরিবর্তে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, আজ রাতে মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া উয়েফা নেশনস লিগের ম্যাচে স্পেনের ১০ নম্বর জার্সি পরবেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল।

নিয়মিত ১০ নম্বর জার্সিধারী দানি ওলমো চোটের কারণে এবারের আন্তর্জাতিক ক্যাম্প থেকে ছিটকে যাওয়ায় জার্সিটি ফাঁকা হয়েছে। জাতীয় দলের হয়ে এতদিন ১৯ নম্বর জার্সি পরে খেলতেন ইয়ামাল। তবে হাঁটুর সমস্যার কারণে চেকিয়ার বিপক্ষে স্পেনের সাম্প্রতিক জয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি। ওই ম্যাচে লিভারপুলের ভিক্তর মুনিওস ১০ নম্বর জার্সি পরেছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইয়ামাল ফিরছেন বলে মুনিওস এবার ১৯ নম্বর জার্সি পরে মাঠে নামবেন।

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, হাঁটুর সমস্যা কাটিয়ে উঠেছেন ইয়ামাল। মাঠে নামার জন্য তিনি এখন ‘পুরোপুরি ফিট’। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশেও এই তরুণ ফরোয়ার্ডকে রাখার পরিকল্পনা রয়েছে কোচের।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দুই ইউরোপীয় শক্তিশালী দলের লড়াই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দে লা ফুয়েন্তে।

তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বে দেখা যেতে পারে এমন সেরা ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে এটি, যদি সেরা না-ও হয়। এই মুহূর্তে ইংল্যান্ড-স্পেন ম্যাচ বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে রয়েছে। দীর্ঘ সময়ের মধ্যে এই দুই দলই এখন নিজেদের সেরা সময় পার করছে।’

ইয়ামালের প্রত্যাবর্তন স্পেনের জন্য বড় স্বস্তির খবর। কারণ, নেশনস লিগের গ্রুপ ‘এ৩’-তে ইতোমধ্যেই পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে লা রোহা। রোববারের ম্যাচের আগে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে স্পেন।

গ্রুপ পর্বের আগের দেখায় ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে এই ব্যবধান তৈরি করেছিল স্প্যানিশরা। এবার মাদ্রিদের ঘরের মাঠে একই ফলের পুনরাবৃত্তি করতে পারলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত হবে তাদের।

আজকের ম্যাচে সবার নজর থাকবে ইয়ামালের দিকেই। চোট কাটিয়ে ফেরার পরপরই ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আইকনিক ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন তিনি।

দানি ওলমো দলে না থাকায় স্পেনের আক্রমণভাগের নেতৃত্ব দেওয়ার বড় দায়িত্বও পড়তে যাচ্ছে এই কিশোর তারকার কাঁধে। একই সঙ্গে গ্রুপ ‘এ৩’-তে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের তিন পয়েন্টের ব্যবধান ধরে রাখার চ্যালেঞ্জও থাকবে ইয়ামাল ও তার সতীর্থদের সামনে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন