শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ । ৬:১২ অপরাহ্ণ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় নতুন করে আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শনিবার (১৪ নভেম্বর) রাতে ১৩টি এবং রোববার (১৫ নভেম্বর) সকালে ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ১৩টি কারখানা রবিবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়। রবিবার সকালে আরও ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা আন্দোলনের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও কারখানা খোলার বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন রয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন