ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরের পর মিনারা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছেন।
নিহত মিনারা আক্তার ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে মিনারা আক্তার ও তার মেয়ে শাহানা বেগমের সঙ্গে ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফার ইয়াসমিনের বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে কামরুল ও তার স্ত্রী নিলুফার মিনারাকে মারধর করেন।
রাত সোয়া ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনেরা তাঁকে বাড়িতে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আবারও হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা জানান, মিনারার বাঁ চোখ আঘাতের কারণে ফুলে গিয়েছিল। তিনি চোখে দেখতে পারছিলেন না। তার উচ্চ রক্তচাপও ছিল। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে ছেলে ও পুত্রবধূ পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৩:২৪ অপরাহ্ণ