টাঙ্গাইলে জামিনে কারামুক্ত দুই সাংবাদিক হাদী ও তপু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৩:১৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে দায়ের করা আলোচিত একটি মামলায় জামিন পেয়েছেন কারাবন্দি দুই সাংবাদিক হাদী চকদার ও আরিফুজ্জামান তপু। বৃহস্পতিবার টাঙ্গাইলের নিম্ন আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। শুক্রবার সকালে জামিনের আদেশ কার্যকর হওয়ার পর তাঁরা কারাগার থেকে মুক্তি পান।

জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন চ্যানেল এস টেলিভিশনের ভূঞাপুর প্রতিনিধি হাদী চকদার এবং দৈনিক কালের কণ্ঠের ডিজিটাল বিভাগের সংবাদদাতা আরিফুজ্জামান তপু।

আদালতে তাঁদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট করিম মিয়া, অ্যাডভোকেট মইদুল ইসলাম ও অ্যাডভোকেট রেহবুব মতিন ইফাদসহ কয়েকজন আইনজীবী। শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে মাহিন নামের এক ব্যক্তি ভূঞাপুর থানায় দুই সাংবাদিকসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।

ভূঞাপুর থানার মামলা নম্বর ০৯ এবং জিআর মামলা নম্বর ১৩৫/২০২৬। দণ্ডবিধির ১৪৩, ৩৪২, ৩৬৫, ৩৮৪, ৩৮৬, ৩৮৯ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়।

মামলা হওয়ার পর দুই সাংবাদিক আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে তাঁরা কারাগারে ছিলেন।

এদিকে দুই সাংবাদিকের দাবি, একটি বিয়ের অনুষ্ঠানে পারিবারিক বিরোধ মীমাংসার উদ্যোগ নিতে গিয়ে তাঁরা অনলাইনভিত্তিক একটি কথিত প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পান। এ-সংক্রান্ত অনুসন্ধান ও ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করেই তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।

কারাগার থেকে মুক্তির পর দুই সাংবাদিক জানান, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চান।

তবে মামলার অভিযোগ ও আসামিদের বক্তব্যের বিষয়ে এখনো আদালতে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন