টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৩:১৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের শতবর্ষী সাংস্কৃতিক সংগঠন করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডি ক্লাব) প্রযোজনায় মঞ্চস্থ হয়েছে লেখক ও নাট্যকার গোলাম আম্বিয়া নূরীর কালজয়ী নাটক ‘কুমারখালির চর’।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় টাঙ্গাইল শহরের সিডি ক্লাবের রঙ্গমঞ্চে উপচে পড়া দর্শকের উপস্থিতিতে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দর্শকদের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে রোববার (২২ নভেম্বর) একই সময়ে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাটক শুরুর আগে করোনেশন ড্রামাটিক ক্লাবের সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, ক্লাবের সাধারণ সম্পাদক সাম্য রহমান। তিনি বলেন, ‘পঞ্চাশ বছর আগে নির্মিত একটি নাটকের এই পুনর্নির্মাণ সত্যিই চ্যালেঞ্জিং। কারণ দর্শক হিসেবে আমরা সব সময় আগেরটির সাথে তুলনা করতে ভালোবাসি। ৫০ বছর আগে গোলাম আম্বিয়া নূরী রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছিলেন ফারুক-রক্কু। আজ নতুন নির্দেশকেরা তাঁদের মুন্সিয়ানা দেখাবেন।

দীর্ঘ দুই বছর পর করোনেশন ড্রামাটিক ক্লাবে আবারও নাট্য প্রদর্শনী শুরু হওয়াটা টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’ ক্লাবের নাট্য সম্পাদক শাহ্ মেহেদী মাসুদ সুমনের তত্ত্বাবধানে ও শাহ্ মো. ইছরাইল বিল্লাহর সার্বিক তত্ত্বাবধানে নাটকটি যৌথভাবে নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান ঠান্ডু ও রতন দত্ত।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তুলসী দাস সরকার, আরাফা (ফেরজা), সিথী ধর (ফেরজার মা), তোরা পাল (আসাফন), ফিরোজ আদনান (ময়েজ উদ্দিন), বিপ্লব দত্ত (ফয়েজ উদ্দিন), আলী হাসান (কালু), শহিদুজ্জামান মিয়া (খাঁ সাব), সাইদুর রহমান ঠান্ডু (মন্ডল), শেখ মানিক (আয়াত আলী), মোফাজ্জল হোসেন (কাইঞ্চা), দুলাল চন্দ্র সাহা (আমিন), রতন দত্ত (হোনা মিয়া) এবং জীবন শর্মা ও মানিক (নাঠিয়াল)। এছাড়া নেপথ্যে আলোক নির্দেশনায় ছিলেন সুমন মেহেদী এবং আবহ সংগীতে ছিলেন ইকবাল হোসেন ও তাসমিয়া।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন