ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা সামনে রেখে যৌথ পরিকল্পনা তৈরিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এ লক্ষ্যে দুই দেশের সামরিক বাহিনী সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কাজ করছে। তবে এখনই ইরানে হামলার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
শনিবার সন্ধ্যায় ইসরাইলের চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যৌথ পরিকল্পনা তৈরির বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সম্ভাব্য সময়সীমা ঘনিয়ে আসছে বলে সতর্ক করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
তবে নাম প্রকাশ না করার শর্তে ইসরাইলের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা চ্যানেল ১৩-কে জানিয়েছেন, সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার তেল আবিব সফর করলেও ওই সময় ইরানে হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি। ইসরাইলের নিরাপত্তা মূল্যায়নেও বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোর তুলনায় নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা এখনই বেশি নয়।
চ্যানেল ১৩ আরো জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সতর্কতামূলক প্রস্তুতি উচ্চ পর্যায়ে থাকলেও তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। দেশটির সামরিক মূল্যায়নে বলা হয়েছে, ইরানের বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়ার সময় এসেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে সামরিক হামলা চালানোর পর থেকে দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা চলছে। জবাবে ইরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা বলে দাবি করা বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
পরবর্তী সময়ে ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারক সই করে এবং আলোচনা শুরু করে। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও জুলাইয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘাত শুরু হয়।
সামরিক প্রস্তুতি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক
গত বুধবার তেল আবিবে ইসরাইলি সেনাপ্রধান আইয়াল জামির ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যানের সঙ্গে বৈঠক করেন সেন্টকমপ্রধান ব্র্যাড কুপার। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার সম্ভাবনা মোকাবিলায় সামরিক প্রস্তুতির মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, জামির ও কুপার আঞ্চলিক পরিস্থিতি এবং অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে যৌথ ও সামগ্রিক মূল্যায়ন করেছেন। পাশাপাশি দুই দেশের সামরিক বাহিনীর কৌশলগত ও কার্যক্রমগত সহযোগিতা বাড়ানো, সমন্বয় জোরদার এবং বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় যৌথ প্রস্তুতি শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে।
তবে বৈঠকে কোন কোন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কিংবা ইরানকে সরাসরি আলোচনার বিষয়বস্তু করা হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইসরাইলি সেনাবাহিনী।
অন্যদিকে ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনথ বুধবার জানিয়েছে, কুপার ও জামিরের বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন যুদ্ধের সামরিক প্রস্তুতিই গুরুত্ব পেয়েছে।
এর আগে গত ১১ নভেম্বর ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছিল, দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি বাড়াতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে।
ওয়াশিংটনে গোয়েন্দা পর্যায়ের আলোচনা
ত্রিপক্ষীয় বৈঠকের কয়েক দিন আগে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান যুক্তরাষ্ট্র সফর করেন। সেখানে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ইরান নিয়ে আলোচনা করেন তিনি।
গফম্যান সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গেও বৈঠক করেন। এতে ইরানসংক্রান্ত ইসরাইলি গোয়েন্দা মূল্যায়ন এবং নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এদিকে ইসরাইলের রাজনৈতিক অঙ্গনেও ইরানকে কেন্দ্র করে নতুন যুদ্ধের সম্ভাবনা নিয়ে বিতর্ক চলছে। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন দেশটির ‘চেঞ্জ ব্লক’-এর নেতারা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধের পরিস্থিতি তৈরির অভিযোগ তুলেছেন।
ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকট ও তার মিত্রদের অভিযোগ, নেতানিয়াহু দেশে জরুরি অবস্থা জারির চেষ্টা করছেন। এর মাধ্যমে জাতীয় ঐক্যের সরকার গঠনের পথ তৈরি করে তাতে নিজেকে অন্তর্ভুক্ত করার সুযোগ নিতে পারেন তিনি। এমন সরকার গঠিত হলে নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন তারা।
নেতানিয়াহু বর্তমানে দুর্নীতির অভিযোগে বিচারাধীন। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। এ ছাড়া ২০২৩ সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি ও এক্সপ্রেস ট্রিবিউন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১০:০২ অপরাহ্ণ