টাঙ্গাইলে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ১১:০৯ পূর্বাহ্ণ

সরকারি সম্পত্তি ও সম্পদের সুরক্ষা, ভূমিহীন মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি সংশ্লিষ্ট দপ্তর ও কমিটিগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার রাজস্ব প্রশাসনের সার্বিক কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

জেলা মাসিক রাজস্ব সভার পাশাপাশি বিজ্ঞ জিপি ও এজিপিদের সঙ্গে মাসিক সমন্বয় সভা, জেলা ভূসম্পত্তি জবরদখল প্রতিরোধ কমিটির সভা, জেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা কমিটির সভা, জেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির সভা এবং আশ্রয়ণ প্রকল্প জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভাগুলোতে সরকারি ভূসম্পত্তির অবৈধ দখল প্রতিরোধ ও জনসম্পদ সংরক্ষণ, প্রকৃত ভূমিহীন ও উপযুক্ত উপকারভোগীদের মধ্যে কৃষি খাসজমি ব্যবস্থাপনা, ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে জনস্বার্থ রক্ষা এবং ড্রেজড ম্যাটেরিয়ালের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকরণ, সরকারি স্বার্থসংশ্লিষ্ট মামলা পরিচালনায় আইনগত সমন্বয় এবং জনস্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা প্রশাসক সরকারি সম্পত্তি ও সম্পদের সুরক্ষা, ভূমিহীন মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং সরকারি সেবা গ্রহণে নাগরিকদের ভোগান্তি কমানোর ওপর গুরুত্ব দেন। তিনি সংশ্লিষ্ট সব দপ্তর ও কমিটিকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন।

জনস্বার্থ সংরক্ষণ, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও প্রাপ্যতা নিশ্চিত করতে জেলা প্রশাসন, টাঙ্গাইলের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন