মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ । ১০:০৪ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা, সেবার মান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় তিনি সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে গতি আনা, জনসেবার মান বাড়ানো এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুর রহমান আজাদ, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল হক প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা মধুপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, সরকারি সেবার মান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অগ্রগতি এবং স্থানীয় পর্যায়ের নানা নাগরিক সমস্যা তুলে ধরেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন