পাবনার ঈশ্বরদীতে ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দেওয়ার পর জামায়াতের নেতাকর্মীদের চারটি বাড়ি ও আটটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পদ্মা নদীর বালুমহালকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবর্ষণ, হামলা ও অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে। একই রাতে নিষিদ্ধঘোষিত যুবলীগের এক সাবেক নেতার বাড়িতেও হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পক্ষগুলোর ভাষ্য অনুযায়ী, পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে সোমবার বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির একটি পক্ষের মিছিলের প্রস্তুতিকালে মুখোশধারীদের সঙ্গে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে রাতের দিকে একের পর এক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পাঁচজনকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলিবর্ষণের ঘটনার পর রাত ৮টার দিকে একদল লোক সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, জামায়াতকর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে। পরে বাড়িতে থাকা অন্তত আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকটি পবিত্র কোরআন পুড়ে যায়।
সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। অত্যন্ত চতুরতার সঙ্গে তারা বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকারিয়া পিন্টুর সমর্থকেরা। তাদের দাবি, তারা আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা অতর্কিতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। তাদের ভাষ্য, পদ্মার বালু ব্যবসা নিয়ে বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। এর সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই।
বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি ঢাকায় আছি। ঘটনার কিছুই জানি না। অকারণে আমার লোকজনকে দোষারোপ করা হচ্ছে। যতটুকু জেনেছি, পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ চলছিল। এর জেরেই গুলি ও রাতে কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এখানে জামায়াতের কোনো বিষয় নেই। জামায়াতের কারও বাড়িতে হামলা হয়েছে বলেও আমার জানা নেই।’
এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, যুবদল ও বিএনপির লোকজন জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছেন। উল্টো পুলিশ বিএনপির লোকজনকে সুরক্ষা দিয়েছে। হামলা ও অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে।
অন্যদিকে একই রাতে নিষিদ্ধঘোষিত যুবলীগের ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরীর বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বাড়িতে আগুন দেওয়ার আগে তিনটি রেফ্রিজারেটর, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), জেনারেটরসহ বিভিন্ন মালামাল ট্রাকে করে নিয়ে যায় হামলাকারীরা। পরে পেট্রল ঢেলে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের পৃথক দুটি ঘটনার তদন্ত করছে পুলিশ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ । ৮:০৫ অপরাহ্ণ