মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় এখন ‘হাতের নাগালে’। একই সঙ্গে তেহরানকে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে আরো প্রাণহানি এড়ানো সম্ভব হবে।
বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, সংঘাতের পরিণতি অনেকটাই নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপর। তবে ইরান শেষ পর্যন্ত কোনো চুক্তিতে রাজি হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘ইরানে বিজয় এখন আমাদের হাতের নাগালে। কখন এবং কীভাবে সেই বিজয় আসবে, তা অনেকটা আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সত্যি বলতে, আমরা সদয় আচরণ করছি এবং তাদের চুক্তিতে পৌঁছানোর সব ধরনের সুযোগ দিচ্ছি, যাতে বহু মানুষের প্রাণ বাঁচানো যায়। কিন্তু তারা এই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।”
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প আবারো বলেন, তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
তিনি বলেন, ‘ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করার মাধ্যমে আপনারা শুধু আজকের যুক্তরাষ্ট্রকেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের আমেরিকানদেরও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। এ বিষয়ে আমি আপনাদের নিশ্চিত করতে পারি।’
এদিকে বাণিজ্যিক জাহাজে হামলার হুমকি মোকাবিলায় হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ১৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও দাবি করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে আমরা ১৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি।’
মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটির নিজস্ব জ্বালানি সম্পদই চাহিদা পূরণের জন্য যথেষ্ট। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্মিলিত তেলের মজুত বিশ্বের মোট মজুতের অর্ধেকেরও বেশি।
ট্রাম্প বলেন, ‘আমরা ওই তেল ব্যবহার করি না। আমাদের তেলের প্রয়োজন নেই। ইসরাইল ও মধ্যপ্রাচ্যকে সুরক্ষা দিতে আমরা দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছি।’
তিনি আরো দাবি করেন, বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের তেলের মজুত বেশি। পাশাপাশি ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, এর ফলে যুক্তরাষ্ট্রের হাতে কয়েকশ কোটি ব্যারেল অতিরিক্ত তেল এসেছে।
তবে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার গুরুত্ব তুলে ধরে ট্রাম্প সতর্ক করেন, ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে তা ইসরাইলসহ গোটা অঞ্চলের অন্যান্য দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
তিনি বলেন, ‘আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি। কারণ, শান্তি না থাকলে সেখানে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হবে।’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ । ৯:৫৮ পূর্বাহ্ণ