কাস্টমস ও এনবিআর নিয়ে ‘নেতিবাচক’ কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৫:৫৯ অপরাহ্ণ

দেশ-বিদেশের যেখানেই যাই, সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিষয়ে ‘নেতিবাচক’ কথা শুনতে হয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় এলসির তথ্য আদান-প্রদান আরো দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ উদ্বোধন করা হয়।

কাস্টমস ও এনবিআরের ভাবমূর্তি নিয়ে এই নেতিবাচক ধারণার প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতিতে তিনি নিজে চেষ্টা করছেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরও চেষ্টা করছেন। যেকোনো প্রক্রিয়া অংশীজনদের সঙ্গে পরামর্শ করেই করতে হবে এবং সরকার সব অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে প্রতিনিয়ত আলোচনায় আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।

শুধু এনবিআর নয়, সব ক্ষেত্রেই পরামর্শ গ্রহণ প্রক্রিয়া চালিয়ে যেতে চান বলে জানান আমিরর খসরু। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, সাহস করে কিছু কথা বলতে হবে তো।’

তিনি আরো বলেন, সংস্কার নিয়ে সরকার যতই জোরালো উদ্যোগ বা আগাম প্রস্তুতি নিক না কেন, অংশীজনরা এগিয়ে না এলে তা সফল হবে না।

সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সংস্কারের জন্য সরকার প্রস্তুত আছে এবং প্রয়োজনে ‘বেদনাদায়ক’ সিদ্ধান্ত নিতেও প্রস্তুত। সেই সিদ্ধান্তের ফলে দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষ ভালো থাকলে সেটিকে তিনি একটি রাজনৈতিক সরকারের কর্তব্য বলে মনে করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বক্তব্য দেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন