বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশাল মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৮:৫৭ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকায় কয়েক শ লোকের অংশগ্রহণে এ মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মশাল হাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোয়ালগাঁও এলাকায় জড়ো হন। পরে তারা মশাল নিয়ে মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলের খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে মিছিলটি বকশীগঞ্জ ও শ্রীবরদী থানার সীমানাসংলগ্ন এলাকায় হওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মিছিলটি বকশীগঞ্জ-শ্রীবরদী থানা এলাকার সীমানায় হওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে।’

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন