চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলমের নিয়োগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে বিভক্তি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টানা ৬৮ দিন ধরে চলা কর্মসূচিতে আন্দোলনকারীদের একটি অংশ দ্রুত সংকটের সমাধান চাইলেও অপর পক্ষ উপাচার্যবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। দীর্ঘদিন কর্মসূচি চলায় আন্দোলনকারীদের মধ্যে এক ধরনের ক্লান্তি ও হতাশাও তৈরি হয়েছে।
সূত্র জানায়, অচলাবস্থার দ্রুত সমাধান চেয়ে আন্দোলনকারীদের একটি অংশ চট্টগ্রামের একজন প্রভাবশালী প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চায়। তাদের মত, সরকারের নিয়োগ দেওয়া উপাচার্যকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত। তবে অপর পক্ষ এ বিষয়ে কোনো আলোচনায় বসতে রাজি নয়।
বিজ্ঞাপন
চুয়েটের শিক্ষার্থী ও শিক্ষকরা জানিয়েছেন, দীর্ঘদিন অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। উপাচার্যের কক্ষ তালাবদ্ধ থাকায় আর্থিক অনুমোদনসংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। শিক্ষার বিভিন্ন উপকরণ শেষ হয়ে গেলেও নতুন করে তা কেনা যাচ্ছে না। কারণ, এসব ক্ষেত্রে উপাচার্যের অনুমোদন প্রয়োজন।
এদিকে, জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে বকেয়া থাকায় চুয়েটের বাস চলাচলও অনিশ্চয়তার মুখে পড়েছে। গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে। শিক্ষকদের নতুন বেতন স্কেল কার্যকরের বিষয়টিও আটকে আছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালাতে একজন উপাচার্য প্রয়োজন বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এরই মধ্যে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি থেকে সরে এসে চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠানটির ভেতর থেকেই উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে। তবে গত শুক্রবার রাতে সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে চুয়েট ক্যাম্পাসে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক সাংবাদিকসহ অন্তত ছয়জন আহত হন।
চুয়েট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০ জন গবেষণা সহকারী কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। কম্পট্রোলার অফিস উপাচার্য কার্যালয়ে অবস্থিত হওয়ায় দপ্তরটির কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বাজেট থাকলেও বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। গত ৬৮ দিন ধরে উপাচার্য দপ্তরে শিক্ষার্থীদের দেওয়া তালা ঝুলছে। এর ফলে হোয়াইট বোর্ডের মার্কারসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণের সংকট তৈরি হয়েছে।
সবচেয়ে বড় সংকটে পড়েছে শিক্ষার্থীদের পরিবহনব্যবস্থা। জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ইস্টার্ন্ড অটোমোবাইলসের কাছে গত তিন মাসের বকেয়া রয়েছে চুয়েটের। বকেয়া পরিশোধে দেওয়া এক সপ্তাহের সময়সীমাও শেষ হয়েছে। বকেয়া পরিশোধ না করলে জ্বালানি সরবরাহ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে চুয়েটের সব বাস ও অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নতুন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করাও বর্তমানে সম্ভব নয়।
বিভিন্ন বিভাগের কর্মচারীরা জানান, জ্বালানি ছাড়াও ডেঙ্গু প্রতিরোধের কীট ও ফার্মেসির ওষুধের মজুত শেষ হয়ে গেছে। উপাচার্য না থাকায় সামনে ভর্তি পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি চলমান বিভিন্ন সেশনের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না। এতে ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।
এদিকে, গত ২৬ নভেম্বর থেকে শিক্ষার্থীরা আবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। তবে শুক্রবার আধা ঘণ্টা সড়ক অবরোধ ও ক্যাম্পাসে মিছিলের পর শনিবার কোনো কর্মসূচি পালন করা হয়নি। শুধু একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেই শাটডাউন কর্মসূচি চালানো হয়েছে। আজ রোববার চুয়েট শিক্ষক সমিতি মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে দেওয়া হয়। পরে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে ২২ সেপ্টেম্বর থেকে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও স্টাফ অ্যাসোসিয়েশনও কর্মবিরতি পালন করে আসছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ । ১০:৪৮ পূর্বাহ্ণ