সরকারি নির্দেশনায় সারাদেশের মতো আজ শনিবার (৪ অক্টোবর) হতে “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫” শুরু হয়েছে । ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার কর্তৃক ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধের নির্দেশনা অনুযায়ী শনিবার (৪ অক্টোবর) টাঙ্গাইল জেলার নাগরপুর, কালিহাতি, ভূঞাপুর, গোপালপুর ও টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
একই সাথে অবৈধ মৎস্য আহরণ বন্ধ করতে শনিবার (৪ অক্টোবর) টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আনুমানিক ৮ হাজার ২০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং কারেন্ট জাল জব্দ করা করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস এ অভিযান পরিচালনা করে। ইলিশ সংরক্ষণে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ৮:৩৭ অপরাহ্ণ