পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ৩:০৪ অপরাহ্ণ

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ সমমনা দলের পদযাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথমে রাজধানীর শাপলা চত্বর এলাকায় জড়ো হয় জামায়াতসহ আট দল। এরপরই পল্টন অভিমুখে পদযাত্রা করে তারা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পদযাত্রা মৎস ভবনে আটকে দিয়েছে পুলিশ।

পদযাত্রায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। পদযাত্রা নিয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো। জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারেসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা পদযাত্রায় যোগ দিয়েছেন।

পদযাত্রা শেষে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেবে দলগুলো।

তাদের পাঁচ দফা দাবি হলো—

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন,

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু,

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ,

৪. পূর্ববর্তী সরকারের ‘জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার’ দৃশ্যমান করা,

৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন